ইনট্রোভার্ট, এক্সট্রোভার্ট, নাকি অ্যামবিভার্ট, আপনি আসলে কোনটি?

যারা পুরোপুরি ইনট্রোভার্ট বা অন্তর্মুখী নন, আবার পুরোপুরি এক্সট্রোভার্ট বা বহির্মুখীও নন, তারাই মূলত অ্যামবিভার্ট অর্থাৎ দ্বিমুখী বা মিশ্র স্বভাবের। এদের সংখ্যাই বেশি। এদের মধ্যে কেউ Extroverted introvert, আবার কেউ Introverted extrovert স্বভাবের হয়ে থাকে।

মানুষ আসলে সবসময় পুরোপুরি ইনট্রোভার্ট বা অন্তর্মুখী স্বভাবের হয় না। আবার পুরোপুরি এক্সট্রোভার্ট বা বহির্মুখী স্বভাবেরও হয় না। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আসলে দ্বিমুখী বা মিশ্র স্বভাবের হয়ে থাকে। আর এটাকেই বলা হচ্ছে অ্যামবিভার্ট (ambivert)। এদের মধ্যে কেউ Extroverted introvert অর্থাৎ সে অন্তর্মুখী কিন্তু তার মধ্যে বহির্মুখী প্রবণতাও আছে। আবার কেউ Introverted extrovert অর্থাৎ সে বহির্মুখী কিন্তু তার মধ্যে অন্তর্মুখী প্রবণতাও আছে।

কখন আপনি ইনট্রোভার্ট?

অন্তর্মুখী (introvert) হওয়া মানে লাজুক বা অসামাজিক হওয়া নয়; বরং এটি শক্তি পাওয়ার একটি ভিন্ন উপায়। অন্তর্মুখীরা সাধারণত একা সময় কাটিয়ে মানসিকভাবে রিচার্জ হয়। তারা নিজের ভেতরের চিন্তা, অনুভূতি ও বিশ্লেষণে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বড় আড্ডা বা ভিড়ের জায়গায় তারা দ্রুত ক্লান্ত হয়ে পড়তে পারে, তাই নিরিবিলি পরিবেশ তাদের কাছে বেশি আরামদায়ক। গভীর ও অর্থপূর্ণ আলাপ তাদের বেশি টানে, হালকা বা ওপর-ওপর কথোপকথনে আগ্রহ কম থাকে।

ধরুন আপনি কোনো পার্টিতে গেলেন। শুরুর দিকে ঠিক থাকলেও কিছুক্ষণ পরেই মনে হলো একটু চুপচাপ বসতে বা বাইরে যেতে পারলে ভালো লাগতো। অথবা, আপনি হয়তো সবার সাথে মিশতে পারেন, কিন্তু দিনের শেষে একা সময় না পেলে ভালো লাগে না। আপনি কম মানুষের সাথে গভীর সম্পর্ক গড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন। আর এই বৈশিষ্ট্যগুলোই ইঙ্গিত দেয় যে আপনার মধ্যে অন্তর্মুখী স্বভাব রয়েছে। অর্থাৎ আপনি ইনট্রোভার্ট।

কখন আপনি এক্সট্রোভার্ট?

বহির্মুখী (extrovert) হওয়া মানে হলো মানুষের সাথে মিশে শক্তি পাওয়া। এক্সট্রোভার্টরা সাধারণত সামাজিক পরিবেশে স্বাচ্ছন্দ্যবোধ করে, নতুন মানুষের সাথে পরিচিত হতে পছন্দ করে এবং আড্ডা, আলোচনা বা দলগত কাজ থেকে উৎসাহ পায়। তারা নিজের ভাবনা সহজে প্রকাশ করতে পারে এবং সক্রিয়, প্রাণবন্ত পরিবেশ তাদেরকে আরও উজ্জীবিত করে তোলে।

ধরুন আপনি কোনো অনুষ্ঠানে গেলে দ্রুত সবার সাথে কথা বলা শুরু করেন এবং আড্ডার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অনেক মানুষের মাঝে থাকলে আপনার ভালো লাগে, বরং একা থাকলে বিরক্তি আসে। নতুন বন্ধু বানানো, গল্প করা বা দলগত কাজে অংশ নেওয়া আপনাকে আনন্দ দেয়। এই বৈশিষ্ট্যগুলো ইঙ্গিত করে যে আপনার মধ্যে বহির্মুখী স্বভাব রয়েছে।

কখন আপনি অ্যামবিভার্ট?

অ্যামবিভার্ট (ambivert) হওয়া মানে হলো অন্তর্মুখী ও বহির্মুখী দুই স্বভাবেরই ভারসাম্য থাকা। এমন মানুষ কখনো একা থাকতে ভালোবাসে, আবার কখনো মানুষের মাঝে মিশে শক্তি পায়। পরিস্থিতি, মুড এবং পরিবেশ অনুযায়ী তাদের আচরণ বদলায়। তারা যেমন নিরিবিলি সময় উপভোগ করতে পারে, তেমনি প্রয়োজনে খুব সহজেই সামাজিক হয়ে উঠতে পারে।

ধরুন আপনি বন্ধুদের সাথে আড্ডায় গেলে প্রাণ খুলে কথা বলেন, হাসি-আড্ডায় অংশ নেন; কিন্তু পরের দিনটা একা থেকে নিজের মতো সময় কাটাতে চান। নতুন মানুষের সাথে পরিচিত হতে সমস্যা হয় না, আবার সবসময় সবার মাঝে থাকতে ইচ্ছাও করে না। কখন কোথায় কেমন আচরণ করবেন এই flexibility-ই দেখায় যে আপনি অ্যামবিভার্ট স্বভাবের।

কখন আপনি এক্সট্রোভার্টেড ইন্ট্রোভার্ট?

Extroverted introvert বলতে এমন একজনকে বোঝায়, যিনি মূলত অন্তর্মুখী হলেও নির্দিষ্ট পরিস্থিতিতে বেশ সামাজিক ও প্রাণবন্ত হয়ে উঠতে পারেন। তারা সাধারণত একা সময় কাটিয়ে শক্তি পায়, কিন্তু পরিচিত পরিবেশ বা কাছের মানুষের মাঝে থাকলে স্বাভাবিকের চেয়ে বেশি কথা বলে, অংশ নেয় এবং উপভোগ করে। অর্থাৎ, ভেতরে অন্তর্মুখী প্রবণতা থাকলেও বাইরে মাঝে মাঝে বহির্মুখী আচরণ প্রকাশ পায়।

ধরুন আপনি নতুন বা বড় কোনো গ্যাদারিংয়ে গেলে চুপচাপ থাকেন, কিন্তু ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আড্ডায় একদম প্রাণ খুলে কথা বলেন, মজা করেন। আপনি সহজে সবার সাথে মিশতে পারেন না, তবে নিজের কমফোর্ট জোনে থাকলে বেশ এক্সপ্রেসিভ হয়ে ওঠেন। আবার, এমন আড্ডার পর নিজেকে রিচার্জ করতে একা সময়ও দরকার হয়—এই বৈশিষ্ট্যগুলো থাকলে আপনি একজন এক্সট্রোভার্টেড ইন্ট্রোভার্ট।

কখন আপনি ইন্ট্রোভার্টেড এক্সট্রোভার্ট?

Introverted extrovert বলতে এমন একজনকে বোঝায় যিনি মূলত বহির্মুখী, তবে ভেতরে একটি অন্তর্মুখী দিকও কাজ করে। তারা সামাজিক পরিবেশে স্বাচ্ছন্দ্যবোধ করে এবং সহজেই কথোপকথন শুরু করতে পারে, কিন্তু অতিরিক্ত মেলামেশার পর নিজের জন্য কিছু একান্ত সময় দরকার হয়। অর্থাৎ, বাইরে প্রাণবন্ত হলেও ভেতরে মাঝে মাঝে নির্জনতা খোঁজেন।

ধরুন আপনি বন্ধুদের সাথে আড্ডায় গেলে সহজেই সবার সাথে মিশে যান, গল্প করেন, হাসি-ঠাট্টায় অংশ নেন। কিন্তু দিনের শেষে বা টানা সামাজিক সময় কাটানোর পর মনে হয় একটু একা থাকলে ভালো লাগবে। আপনি মানুষের মাঝে থাকতে উপভোগ করেন, আবার নিজের মতো করে শান্ত সময় কাটানোও প্রয়োজন মনে করেন। এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে থাকলে আপনি একজন ইন্ট্রোভার্টেড এক্সট্রোভার্ট।

যেটা জানা জরুরি

আসলে পুরোপুরি অন্তর্মুখী বা বহির্মুখী মানুষ তুলনামূলক কম; বেশিরভাগ মানুষই মাঝামাঝি স্বভাবের হয়ে থাকে। গবেষণায় দেখা যায়, অনেকেই পুরোপুরি একদিকে না গিয়ে পরিস্থিতি অনুযায়ী বদলায়—যাকে আমরা অ্যামবিভার্ট বলি। তাই সচরাচর আমরা যেভাবে শুধু introvert বা extrovert বলে থাকি, মানুষ আসলে সেভাবে ততটা পুরোপুরি দুই ভাগে বিভক্ত না। আবার এটাও মনে রাখা জরুরি যে, এটা কোনো ফিক্সড লেবেল না। সময়, বয়স, পরিবেশ, কাজ বা অভিজ্ঞতার সাথে একজন মানুষের আচরণ বদলাতে পারে। তাই আপনি আজ যেটার সাথে নিজেকে বেশি মিল খুঁজে পান, ভবিষ্যতে সেটার কিছুটা পরিবর্তন হওয়াও স্বাভাবিক।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নিজের স্বভাবকে বোঝা এবং সেটাকে গ্রহণ করা। আপনি যেই ধরনেরই হোন না কেন, সেটাই আপনার স্বাভাবিক ও স্বতন্ত্র পরিচয়। নিজেকে বদলানোর চেয়ে নিজের শক্তি ও স্বাচ্ছন্দ্যের জায়গাগুলো চিনে নিয়ে সেভাবে জীবনকে গড়ে তোলাই আসল বুদ্ধিমানের কাজ।

এ সম্পর্কিত আরও